Main Menu

নাসিরনগরে ১৪ বছরের মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

[Web-Dorado_Zoom]

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চালের পোঁকা মারার কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টার পর জান্নাত আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) ভোররাতে উপজেলার চাতলপাড়া ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের ভূইয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত জান্নাত আক্তার উপজেলার চাতলপাড়া ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের বাসিন্দা মো. ইসমাইল ভূইয়ার মেয়ে। তিনি চাতলপাড়া ফকিরদা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাত প্রায় ১০টার দিকে পরিবারের লোকদের অগোচরে ঘরে রাখা চালের পোঁকা মারার কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন জান্নাত আক্তার। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নৌ-পথেই তার মৃত্যু হয়।

নিহতের চাচা মো. ইউসুফ ভূইয়া জানান, হাসপাতালে নেওয়ার সময় নৌকাতেই জান্নাতের মৃত্যু হয়। রাতে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যান৷ তবে কী কারণে জান্নায় এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পরিবারের কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares