নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পরিত্যক্ত একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ১৮ বছর বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচে যাওয়ায় এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম চটিপাড়া এলাকার একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটকে জানানো হয়। পরে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করে। তবে দীর্ঘদিন পানিতে থাকায় হাতের আঙুলের চামড়া খসে পড়ায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পরিদর্শক বেলাল উদ্দিন বলেন, আঙুলের চামড়া নষ্ট হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।



















