নবীনগর আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আদালত পরিদর্শন করেছেন হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. জাবিদ হোসেন আদালতের বিচারিক কার্যক্রম, অবকাঠামো ও আইনজীবীদের বিভিন্ন সমস্যা পরিদর্শন করেন। এ সময় তারা বিচারপ্রার্থীদের সঙ্গেও কথা বলেন।
মঙ্গলবার সকালে বিচারপতিদ্বয়ের গাড়িবহর নবীনগর আদালত প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল ইসলাম চৌধুরীসহ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা তাদের অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশ লাইন্স থেকে আসা পুলিশের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার দেয়।
আদালত পরিদর্শনের সময় বিচারপতিদ্বয় নবীনগর চৌকি আদালতের সিনিয়র সিভিল জজ মিজানুর রহমান ও বাঞ্ছারামপুর চৌকি আদালতের সিনিয়র সিভিল জজ আনন্দ পালের এজলাসে বিচারিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। তারা আদালতের কার্যক্রম ও বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণের পাশাপাশি আইনজীবীদের কাজ এবং উপস্থিত বিচারপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বড়িকান্দি গ্রামের বিচারপ্রার্থী মো. শাহজাহান মিয়া (৬০) বলেন, ‘সংগ্রামের পর থেকেই এই আদালতে আমার আসা-যাওয়া। জীবনে প্রথম দেখলাম নবীনগরে দুইজন বিচারপতি এসে আদালতের হালচাল দেখলেন। এটি আমাদের জন্য আনন্দের ও স্মরণীয় একটি ঘটনা।’
পরে বিচারপতিদ্বয় আদালত প্রাঙ্গণ, বার লাইব্রেরি ও আইনজীবীদের চেম্বার পরিদর্শন করেন। বার লাইব্রেরিতে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ের সময় বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান আইনজীবীদের জন্য টেবিল, কম্পিউটার ও ফটোকপি মেশিন সরবরাহের দাবি জানান।
এদিকে স্থানীয় বিচারপ্রার্থীরা নবীনগরে দেওয়ানি মামলার পাশাপাশি ফৌজদারি মামলার বিচারকাজ চালুর দাবি জানান। তাদের ভাষ্য, বর্তমানে ফৌজদারি মামলার বিচারিক কার্যক্রমের জন্য অন্যত্র যেতে হওয়ায় সময় ও অর্থ ব্যয় হয়। একই সঙ্গে তারা আদালতের অবকাঠামোগত উন্নয়ন ও নতুন আদালত ভবন নির্মাণের দাবি জানান।
স্থানীয়দের প্রত্যাশা, আদালতের অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ এবং ফৌজদারি মামলার বিচারিক কার্যক্রম চালু হলে নবীনগর ও আশপাশের মানুষের বিচারসেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।
« সরাইলে লাঠির ঝনঝন শব্দে ফিরল গ্রামবাংলার হারানো ঐতিহ্য (Previous News)
(Next News) আওয়ামী দোসরদের সাথে এক হয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরী করছে জামায়াত … নাসিরনগরে ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী »



















