Main Menu

নবীনগরে ব্যবসায়ীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারের ব্যবসায়ী মো. কামাল ভেন্ডরের গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাকে নিরপরাধ দাবি করে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় নবীনগর পৌর এলাকার আলিয়াবাদে কামাল ভেন্ডরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ গভীর রাতে কামাল ভেন্ডরকে তার বাসা থেকে আটক করে নিয়ে যায় এবং পরে তাকে একটি মিথ্যা ও গায়েবি মামলায় আসামি করা হয়। তারা দাবি করেন, কামাল ভেন্ডর দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন।
বক্তারা বলেন, একজন নিরপরাধ ব্যবসায়ীকে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং কামাল ভেন্ডরের দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আইনের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত প্রয়োগের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করতে হবে এবং দায়ের করা মামলাটি পুনঃতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, স্বজন এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares