তারুণ্যের ঐক্য: দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ডাক
নবীনগরে দুর্নীতি বিরোধী দিবস পালিত
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে গতকাল (৯ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দিবসটি পালন করা হয়।দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনের অঙ্গীকার নিয়ে দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, প্রেসক্লাব চত্বরে মানববন্ধন এবং নবীনগর প্রেসাক্লাবের সামনে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। দৈনিক বাংলার প্রতিনিধি জামাল হোসেন পান্না সভাটি সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তারা দুর্নীতিকে একটি জাতীয় ব্যাধি হিসেবে আখ্যায়িত করেন, যা সমাজের সকল স্তরে ব্যাপক ক্ষতি সাধন করে। তারা এই ব্যাধি নির্মূল করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করার এবং দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনের জন্য সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অব.) কান্তি কুমার ভট্টাচার্য, কমিটির সহ-সভাপতি আমেনা খাতুন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী, বিএনসিসি, স্কাউট দল,তিতাস কচিকাঁচার মেলা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
« ব্রাহ্মণবাড়িয়ায় অদম্য পাঁচ নারী পেলেন পুরস্কার (Previous News)
(Next News) সরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত »



















