নবীনগরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের গণশুনানিতে এমপি
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান অবৈধ বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে নবীনগর উপজেলার চরলাপাং এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণশুনানি করেন এবং তাদের অভিযোগ শোনেন।
স্থানীয়দের অভিযোগ, ‘সামিউল ট্রেডার্স’ নামের একটি ইজারাদার প্রতিষ্ঠান নাসিরাবাদ মৌজায় ইজারা নিলেও নির্ধারিত এলাকা ছেড়ে সাহেবনগর ও চরলাপাং মৌজার কৃষিজমি ও বসতভিটার পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাদের দাবি, প্রভাবশালী একটি চক্রের সহায়তায় অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি ও গ্রামবাসীকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে আবাদি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীভাঙন বাড়ছে এবং অনেক পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে পড়েছে। তারা দ্রুত এই কার্যক্রম বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গণশুনানিতে এমপি আব্দুল মান্নান বলেন, নবীনগরে কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং যেকোনো মূল্যে অবৈধ বালুমহাল বন্ধ করতে হবে। ইজারার শর্ত ভঙ্গ করে কৃষিজমি ধ্বংস ও আতঙ্ক সৃষ্টি করলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। তিনি প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার কথাও জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, নবীনগর থানার ওসি রফিকুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এমপির সরাসরি উপস্থিতি ও গণশুনানিকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা প্রশাসনের কার্যকর পদক্ষেপে চরলাপাং ও আশপাশের এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে এবং কৃষিজমি ও বসতভিটা রক্ষা পাবে।
« পরিবারের কেউ নিল না মুন্নাফের মরদেহ, বে-ওয়ারিশ হিসেবে দাফন (Previous News)



















