Main Menu

দুর্ঘটনা ও বিকল ট্রাকের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ৩৪ কিলোমিটারে যানজট

[Web-Dorado_Zoom]
সড়ক দুর্ঘটনা ও বিকল ট্রাকের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ৩৪ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার পর থেকে শুরু হওয়া এ যানজট আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। এতে মহাসড়কে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। রাত ১টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঘন কুয়াশার মধ্যে পড়ে বাসটি। একপর্যায়ে সামনে থাকা একটি পণ্যবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের মাঝখানে আটকে থাকায় রাত থেকেই যানজটের সৃষ্টি হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা দীর্ঘ হতে থাকে।
এর মধ্যে আজ সকাল সাড়ে ১০টার দিকে সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বরের দক্ষিণ পাশে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগস্থলে একটি পণ্যবাহী ট্রাক গর্তে পড়ে বিকল হয়ে যায়। এতে যানজট আরও তীব্র আকার ধারণ করে। যানজট ছড়িয়ে পড়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কেও।
আজ বেলা দুইটার পর কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় বেলা সাড়ে ৩টা পর্যন্ত যানজট ছিল। দীর্ঘ যানজটের কারণে শত শত নারী, পুরুষ ও শিশুকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। মহাসড়কের ধুলাবালিতে হাঁটাচলাও কষ্টকর হয়ে পড়ে। সিএনজিচালিত অটোরিকশায় অসুস্থ মাকে নিয়ে জেলা সদরে যাচ্ছিলেন সরাইল উপজেলার বাসিন্দা রওশন আলী। তিনি বলেন, সরাইল কুট্টাপাড়া মোড় থেকে বিশ্বরোড মোড়ের দূরত্ব এক কিলোমিটারেও কম। অথচ এই অল্প পথ পাড়ি দিতে এক ঘণ্টার বেশি সময় লাগছে।
সিলেট থেকে ঢাকাগামী ট্রাকচালক মো. শামীম আজ দুপুরে বলেন, ‘গতকাল রাত ১টার দিকে মাধবপুর এলাকায় যানজটে পড়ি। এখন সরাইলের কুট্টাপাড়ায় আছি। ২৩ কিলোমিটার আসতে ১৩ ঘণ্টা লেগেছে। আজ সন্ধ্যায় ঢাকা পৌঁছাতে পারব কি না জানি না।’
পুলিশের চেষ্টায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে দাবি করেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares