Main Menu

দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ : কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে কৃষক সমাবেশ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সার সংকট এবং ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তুলে কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে বিতর্কিত ডিলার নিয়োগ বাতিল করে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের ডিলারশিপ দেওয়ার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে কসবা উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে কসবা তোফাজ্জল আলী ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কসবা পৌর মুক্তমঞ্চ প্রদক্ষিণ করে বিকেল সোয়া ৫টার দিকে জনতা টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন আহমদ, নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, পৌর আমির মো. হারুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব বিভাগের সভাপতি কাজী সিরাজুল
ইসলাম এবং কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে একটি রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। কোথাও অর্থের বিনিময়ে, আবার কোথাও রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে ডিলার নিয়োগ করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষক, প্রবাসী ও গার্মেন্টস শ্রমিক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলেও এই তিন শ্রেণির মানুষ নানা ধরনের জুলুম ও নির্যাতনের শিকার হচ্ছেন। সারের ডিলার নিয়োগে অনিয়মের কারণে ভবিষ্যতে দেশে বড় ধরনের সার সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁদের অভিযোগ, দেশের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় সারের ডিলার নিয়োগে দলীয় প্রভাব খাটানো হয়েছে। নতুন নিয়োগ পাওয়া ডিলারদের অনেকেই মন্ত্রী-এমপিদের ঘনিষ্ঠজন। এভাবে ডিলার নিয়োগ অব্যাহত থাকলে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং বেশি দামে বিক্রির আশঙ্কা রয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ কৃষক।
সমাবেশ থেকে অবিলম্বে বিতর্কিত ডিলার নিয়োগ বাতিল করে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের ডিলারশিপ দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় দেশের কৃষিজীবী মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares