ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতির ৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা
[Web-Dorado_Zoom]
রাজধানী ঢাকায় বসবাসরত আখাউড়াবাসীদের সংগঠন ‘ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতি’র ৫১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর সংগঠনটির নতুন এই কমিটি গঠন করা হয়।
গত ৪ নভেম্বর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশ্বব্যাংকের সাবেক কনসালট্যান্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বেলায়েত উদ্দিন সরকার ভূঁইয়া। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ সম্পাদক ও বৃহত্তর কুমিল্লা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রবিউল্লাহ ভূঁইয়া। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুম ভূঁইয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ নভেম্বর ঢাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে ঢাকায় বসবাসরত আখাউড়ার সুশীল সমাজের প্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও সাবেক সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ আলোচনা শেষে ৫১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, পরবর্তী বৈঠকে নির্বাহী কমিটির সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রধান কমিটি, শিক্ষা উপকমিটি, স্বাস্থ্য উপকমিটি, দপ্তর উপকমিটি, আইসিটি উপকমিটি ও যোগাযোগ উপকমিটি গঠন করা হবে।
নতুন এই কমিটির মাধ্যমে রাজধানীতে বসবাসরত আখাউড়াবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাশাপাশি আখাউড়া উপজেলার সার্বিক উন্নয়ন ও এলাকার মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তাঁরা।
« ৭ নভেম্বর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রস্তুতিসভা (Previous News)



















