ঢাকায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক শাকিবের মৃত্যু
![]()
রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ও ব্রাহ্মণবাড়িয়া শহরের তরুণ সংগঠক এবং ‘পথ তারা স্কুল’-এর প্রতিষ্ঠাতা আফনান আলম শাকিব নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ঢাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।
নিহত সাকিব ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের ব্যাচ-৫৪ -এর সদ্য স্নাতক শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া শহরে পথশিশুদের জন্য প্রতিষ্ঠিত মানবিক সংগঠন পথ তারা স্কুল পরিচালনার মাধ্যমে তিনি সামাজিক অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেন। তার উদ্যোগ, দায়িত্ববোধ ও মানবিক কর্মকাণ্ড স্থানীয়ভাবে প্রশংসিত ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার জানাজা ও দাফনের সময়-স্থান বিষয়ে এখনও কেউ নিশ্চিত করতে পারেননি।
সম্ভাবনাময় এই তরুণের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক, সংগঠনের সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের সামাজিক মহলে গভীর শোক নেমে এসেছে। সামাজিক সংগঠনগুলো মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।



















