Main Menu

ডিসেম্বর সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

[Web-Dorado_Zoom]
আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে যেকোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে টহল কার্যক্রম পরিদর্শন শেষে এসব তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে।
তিনি আরেও বলেন, ডিসেম্বর পরিস্থিতিকে সামনে রেখে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে এই সেক্টরের অধীন ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে পুশইন ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামিরা যেন অবৈধভাবে দেশে প্রবেশ ও দেশত্যাগ করতে না পারে, সেজন্য
প্রতিটি বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এ ছাড়াও তিনি বলেন, চলতি বছরের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল ও আটটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। যার মূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসবের সঙ্গে জড়িত ১৫৫ জন আসামিকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সীমান্তের যেকোনো সন্দেহজনক গতিবিধির বিষয়ে বিজিবির নিকটস্থ ক্যাম্পে দ্রুত জানানোর জন্য জনপ্রতিনিধি, জনগণকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া সীমান্তে টহল অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় বিজিবি অধিনায়ক সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares