Main Menu

কসবায় ৪৪ বছর ইমামতির পর সম্মাননায় বিদায়, ইমামকে ২ লাখ ৭০ হাজার টাকা উপহার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর মধ্যপাড়া বাইতুল হারাম জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা বশির আহমেদকে ৪৪ বছরের ইমামতির দায়িত্ব পালন শেষে সংবর্ধনা ও সম্মাননার মাধ্যমে বিদায় জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের আগে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে জুমার নামাজ শেষে ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেটকারে করে তাঁকে বিদায় জানানো হয়। ভালোবাসার নিদর্শন হিসেবে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা উপহার দেওয়া হয়।
জানা যায়, মাত্র ২০ বছর বয়সে কায়েমপুর মধ্যপাড়া বাইতুল হারাম জামে মসজিদে ইমামতির দায়িত্ব গ্রহণ করেন হাফেজ মাওলানা বশির আহমেদ। দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি মুসল্লিদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। পাশাপাশি শিশু-কিশোরদের বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিক্ষা দিয়ে এলাকায় একজন সম্মানিত শিক্ষক হিসেবেও পরিচিতি লাভ করেন। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তিনি অবসর গ্রহণের আবেদন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যাপক মোবারক হোসেন। উপস্থিত ছিলেন কায়েমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সরকার, মসজিদ কমিটির সভাপতি শামসুল হক, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম লিটন, সিনিয়র সহ-সভাপতি মো. মন মিয়া, সহসাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভূঁইয়া, ভূঁইয়া বাড়ি সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রউফ, বর্ণমালা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি ইমন হাসান বিজয়, মাসুদ রানা ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মসজিদ কমিটির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম লিটন বলেন, “মাওলানা বশির আহমেদ দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই মসজিদে ইমামতি করেছেন। তিনি শুধু ধর্মীয় নেতা নন, আমাদের অনেকের শিক্ষক। তাঁর
অবদান এলাকাবাসী সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবুল হাশেমসহ অন্য বক্তারা মাওলানা বশির আহমেদের সুদীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন।
শেষে মাওলানা বশির আহমেদের সুস্বাস্থ্য, নেক হায়াত ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares