Main Menu

কসবায় বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৪ শ প্রান্তিক কৃষক

[Web-Dorado_Zoom]
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার এসব কৃষক- কৃষাণীর মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। সার ও বীজ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপি সহসভাপতি বশির আহাম্মদ চৌধুরী ও কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল খায়ের স্বপন প্রমুখ। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১ কেজি সরিষার বীজ দেয়া হয়।
স্বাগত বক্তব্য উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, প্রান্তিক পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এসব কৃষি উপকরণ বিতরন করা হচ্ছে।
উদ্বোধনী বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণের মূল লক্ষ্য হচ্ছে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে বেশী বেশী উৎসাহিত করা। এ ধরনের সরকারি প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি তেলজাতীয় ফসলের আবাদ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares