এবার ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলায় গ্যাস সরবরাহের দাবি বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলায় পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। একই সঙ্গে জেলার বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন বৃদ্ধি, নতুন কূপ খনন এবং সম্ভাবনাময় এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য সরকারের কাছে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব দাবি তুলে ধরেন কবির আহমেদ ভূঁইয়া। পোস্টে তিনি ব্রাহ্মণবাড়িয়ার প্রাকৃতিক গ্যাসসম্পদের জাতীয় অর্থনীতিতে অবদানের পাশাপাশি স্থানীয় জনগণ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকার বিষয়টি তুলে ধরেন।
কবির আহমেদ ভূঁইয়া পোস্টে উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ জেলা। এ জেলার মাটির নিচে রয়েছে দেশের অন্যতম বৃহৎ তিতাস গ্যাসক্ষেত্র। এ ছাড়া কসবা উপজেলায় সালদা নদী গ্যাসক্ষেত্র, বাঞ্ছারামপুরে মেঘনা গ্যাস কূপ এবং নবীনগর উপজেলার বাঙ্গরা-হাজীপুর এলাকায় একটি গ্যাস কূপ রয়েছে।
তিনি পেট্রোবাংলার ২০২৪-২৫ অর্থবছরের তথ্য উল্লেখ করে বলেন, শুধু তিতাস গ্যাসক্ষেত্র থেকেই দেশের মোট গ্যাস উৎপাদনের প্রায় ১৮ দশমিক ৬ শতাংশ সরবরাহ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মাটির নিচের প্রাকৃতিক সম্পদ দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অথচ যে জেলার প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও অর্থনীতিকে সচল রাখা হচ্ছে, সেই জেলার সাধারণ মানুষ এখনো পর্যাপ্ত গ্যাস সুবিধা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার জনসংখ্যা ৩৩ লাখের বেশি। জেলায় রয়েছে নয়টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ১০১টি ইউনিয়ন। এত বিপুল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্যাস ও জ্বালানি সুবিধা নিশ্চিত করা জরুরি।
কবির আহমেদ ভূঁইয়া বলেন, যে জেলার প্রাকৃতিক সম্পদ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সেই জেলার মানুষের জন্য পরিকল্পিত ও ন্যায্য গ্যাস সুবিধা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি তিতাস গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন, পুরোনো কূপ সংস্কার এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা যাচাইয়ের দাবি জানান। পাশাপাশি কসবার সালদা গ্যাসক্ষেত্রের উন্নয়ন এবং তারাপুর ও কাশিরামপুরসহ সম্ভাবনাময় এলাকায় বৈজ্ঞানিক অনুসন্ধান চালানোর আহ্বান জানান।
সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সুবিধাবঞ্চিত এলাকাগুলো চিহ্নিত করে পূর্ণাঙ্গ সরকারি জরিপ পরিচালনা করতে হবে। জেলার নয়টি উপজেলায় পর্যায়ক্রমে গ্যাস বিতরণ সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে তিতাস ও সালদা গ্যাসক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে নতুন কূপ খনন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সম্ভাবনাময় এলাকায় নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে হবে।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে জ্বালানি সুবিধাকে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে কবির আহমেদ ভূঁইয়া বলেন, এ দাবি অন্য কোনো জেলার মানুষের অধিকারের বিরুদ্ধে নয়। এটি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ন্যায্য উন্নয়ন, অর্থনৈতিক সম্ভাবনা ও সুষম উন্নয়নের দাবি। জাতীয় সম্পদের ওপর স্থানীয় মানুষের একচ্ছত্র মালিকানা নয়, বরং সম্পদসমৃদ্ধ এলাকার মানুষও যেন জাতীয় সম্পদের সুষম ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়নের ন্যায্য সুফল পায়, সেটিই তাদের প্রত্যাশা।
তিনি দল-মত নির্বিশেষে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এ দাবি সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে গত ৩০ অক্টোবর কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি জানিয়েছিলেন কবির আহমেদ ভূঁইয়া। শুক্রবার রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।
এরও আগে গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নতুন উপজেলা গঠনের বিষয়ে আবেদন করেন তিনি। পরদিন ৯ সেপ্টেম্বর এ বিষয়ে প্রতিবেদন চেয়ে চিঠি জারি করা হয়। তবে নতুন উপজেলা গঠনের এ প্রস্তাবকে কেন্দ্র করে এলাকায় বিতর্ক সৃষ্টি হয়। প্রস্তাবের প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে স্থানীয়দের প্রতিবাদের মধ্যেই তিন জেলা নিয়ে বিভাগ গঠনের দাবি জানানোর পর এবার ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলায় গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি সামনে আনলেন জেলা বিএনপির এই নেতা।
« বিরাসারে নেশার টাকার জন্য স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ (Previous News)



















