এক বাসাতেই অভিযানে ধরা পড়ল ১১ নারী ছিনতাইকারী, সবাই নাসিরনগরের বাসিন্দা
[Web-Dorado_Zoom]
সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মমণ্ডল গ্রামের বাসিন্দা।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী।
আটকরা হলেন— আব্দুর রাজ্জাকের স্ত্রী সুফিয়া খাতুন, নিজাম উদ্দিনের স্ত্রী খোদেনা আক্তার দিলারা, আলমগীর হোসেনের মেয়ে হামিদা আক্তার মিনা, আনিছুরের মেয়ে পারভীন, মৃত সাহাব উদ্দিনের মেয়ে বৃষ্টি, হারুন মিয়ার মেয়ে রজিনা আক্তার সায়দা, আরজু মিয়ার মেয়ে বিউটি খাতুন, ওস্তার মিয়ার মেয়ে শেফা আক্তার, হেলাল উদ্দিনের মেয়ে তামান্না, মৃত দুলাল হোসেনের মেয়ে জুমা এবং ফরিদ হোসেনের মেয়ে সুবিনা আক্তার লাকী।
পুলিশ জানায়, পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।
ওসি আসলাম আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে আটক ১১ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
« আখাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি তিতাস নদীর সেতু, দুর্ভোগে কয়েক হাজার মানুষ (Previous News)



















