Main Menu

আখাউড়া রেলওয়ে স্টেশনে ছিনতাইকারী গ্রেফতার, ছুরি ও লুণ্ঠিত টাকা উদ্ধার

[Web-Dorado_Zoom]
আখাউড়া রেলওয়ে থানার বিশেষ অভিযানে একাধিক মামলার চিহ্নিত ছিনতাইকারীকে ছুরি ও লুণ্ঠিত টাকাসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) সুদর্শন কুমার দে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আখাউড়া রেলওয়ে স্টেশন-এর ওয়াশফিড এলাকা থেকে মোঃ সোহান (২০) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি এবং লুণ্ঠিত টাকার মধ্যে ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সোহান দেবগ্রাম (মাস্টার পাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তার পিতা মোঃ শাহিন ও মাতা পারুল বেগম। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত চারটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৫টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী মোঃ জসিম উদ্দিন (২৬), সাং-কুরন্ডী, থানা-বাঙ্গুরাবাজার, জেলা-কুমিল্লার কাছ থেকে দেশীয় ছুরি প্রদর্শন করে নগদ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারী। একই সময় পলাতক সহযোগী উদয় মিয়া ভুক্তভোগীর ডান হাতে থাকা একটি রেডমি-১৩ প্রো প্লাস স্মার্টফোন (মূল্য আনুমানিক ৩২ হাজার টাকা) জোরপূর্বক ছিনিয়ে নেয়।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর থেকেই জড়িতদের গ্রেফতারে তৎপরতা জোরদার করে রেলওয়ে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares