আখাউড়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দীর্ঘদিনের অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। এ সময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবি জানিয়ে আল্টিমেটাম দেওয়া হয়। দাবি বাস্তবায়ন না হলে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
শনিবার (১ আগস্ট) সকালে পৌর শহরের সড়ক বাজার এলাকায় ‘ঐক্যবদ্ধ আখাউড়া’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবনে চরম দুর্ভোগের কথা তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দিনের পর দিন অনিয়মিত বিদ্যুৎ সরবরাহে আখাউড়ার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সব শ্রেণির মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
বক্তারা আরও বলেন, আখাউড়ায় বিদ্যুতের ঘাটতি দ্রুত পূরণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
মাওলানা ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন যুবদল নেতা মোবাশ্বের আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, ‘ঐক্যবদ্ধ আখাউড়া’র আহ্বায়ক আমজাদ ভূঁইয়া, জাতীয় পার্টির নেতা জেনহারুল ইসলাম লিটন, যুব সংগঠক রোবায়েদ খান ও মো. রাফি আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় হাসিনার উদ্দেশে মাহমুদা মিতু : আপনি আসি আসি বলে আসবেন না, এমন ধোঁকা আপনার নেতা-কর্মীদের দিয়েন না »



















