আখাউড়ায় পৃথক ঘটনায় গৃহবধূর মৃত্যু, বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূর মৃত্যু এবং এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি ঘটনাই তদন্ত করছে পুলিশ।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের পশ্চিমপাড়া ভোলাপুকুর এলাকায় রিয়া মনি (১৯) নামে এক গৃহবধূকে নিজ বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রিয়া মনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের মোবারক মিয়ার মেয়ে এবং জাহিদ হোসেনের স্ত্রী। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। দম্পতির দুটি সন্তান রয়েছে। নিহতের বাবা মোবারক মিয়া অভিযোগ করেন, তার জামাতা মাদকাসক্ত হয়ে পড়ায় সংসারে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, সোমবার (২৭ জুলাই) রাতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় টনকি গ্রামের একটি আমগাছ থেকে মো. মাহফুজ ভূইয়া (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের ভাষ্য, কয়েক মাস আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মাহফুজ ভূইয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে তার ছেলে আনোয়ার হোসেন দাবি করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিশেষ করে বৃদ্ধের মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করা হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, এ দুটি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
« টিনের চালে গাঁজা চাষ, ব্রাহ্মণবাড়িয়ার যুবক ধরা (Previous News)



















