Main Menu

আখাউড়ায় ওরসে এসে নৌ দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত খড়মপুর কেল্লা শহীদ (রহ.)-এর বার্ষিক ওরসে এসে নৌকা দুর্ঘটনায় তাজেল বিবি (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে খড়মপুর মাজারসংলগ্ন রেলওয়ে ব্রিজের পাকা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজেল বিবি হবিগঞ্জের বাহুবল উপজেলার ১ নম্বর চানঘাট ইউনিয়নের চানঘাট গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওরস উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী খড়মপুর মাজারে সমবেত হন। বিকেলে অন্য দর্শনার্থীদের সঙ্গে নৌকায় করে ঘাটে ফেরার সময় কোনোভাবে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় তাজেল বিবি নৌকা থেকে পানিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে গুরুতর অবস্থায় তাকে উদ্ধারের পরও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
প্রতিবছর কেল্লা শহীদ (রহ.)-এর ওরস উপলক্ষে খড়মপুর মাজারে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত-আশেকানের সমাগম হয়। এ ঘটনায় মাজার এলাকা ও নিহতের নিজ গ্রাম চানঘাটে শোকের ছায়া নেমে এসেছে।
তবে নৌকাটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং দুর্ঘটনার সময় নৌকায় কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ উল ইসলাম জানান, নৌকা থেকে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares