আখাউড়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত
[Web-Dorado_Zoom]
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আখাউড়া শ্রী শ্রী রাধামাধব কেন্দ্রীয় মন্দিরে শ্রী শ্রী পূজা-অর্চনা, কীর্তন, প্রসাদ বিতরণ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী উৎসব পালিত হয়। উৎসবকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত-অনুরাগীরা এখানে এসে সমবেত হন।
বৃহস্পতিবার বিকেলে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সুসজ্জিত রথে জগন্নাথ দেব,বলরাম ও শুভদ্রার প্রতিমূর্তি স্থাপন করে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আখাউড়া পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাস পাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় ভক্তরা হরিনাম সংকীর্তন, ভজন ও ধর্মীয় সঙ্গীতে অংশ নেন। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু,শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব মো:হুমায়ুন রহমান নয়ন,আরিফুল হক,বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন, পৌরসভা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেন (ঠান্ডু) প্রমুখ।
প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। এর নয় দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এ বছর আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। শোভাযাত্রার পুরো পথজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রার আয়োজন সম্পন্ন হয়।



















