Main Menu

‘৮০–৯০ টাকা কেজির নিচে সবজি নাই, একটা ডিমের দাম ১৫ টাকা। গরিব খাবে কী?’—রুমিন ফারহানা

[Web-Dorado_Zoom]
‘৮০–৯০ টাকা কেজির নিচে সবজি নাই। ঢাকা শহরে একটা ডিমের দাম ১৫ টাকা। গরিব খাবে কী?’—দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আমরা আশা করেছিলাম, আমরা জনগণের একটা সরকার পাব, যারা বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, গ্যাসের সমস্যা সমাধান করবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাবে, জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখবে।’ কিন্তু দ্রব্যমূল্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের এমন দুর্ভাগ্য, ৮০–৯০ টাকা কেজির নিচে সবজি নাই। ঢাকা শহরে একটা ডিমের দাম ১৫ টাকা। গরিব খাবে কী?’
এ সময় এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। সংসদ সদস্য বলেন, ‘আমার এলাকায় চান্দাবাজি হইলে আমি কাউকে চিনি না। আমি তাঁর বিরুদ্ধে রাস্তায় দাঁড়াব। ডান পাশে বালুচোর আর বাম পাশে মামলাবাজ নিয়ে আমি রাজনীতি করতে চাই না।’
নিজের আত্মীয়স্বজনকে বিশেষ সুবিধা দেওয়ার প্রশ্নে তিনি বলেন, ‘আমার কোনো আত্মীয় নাই, যাকে সারের ডিলারশিপ দিতে হবে। আমার কোনো আত্মীয় নাই, যাকে রাস্তার কাজের ঠিকাদারি দিতে হবে। আমার কোনো আত্মীয় নাই, যাকে চান্দা দিয়া আপনাদের ব্যবসা করতে হবে।’
নিজের কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিতভাবে জানানোর আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হবে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কোনো কর্মী ভোটারের সঙ্গে খারাপ আচরণ করলেও তাঁকে জানাতে বলেন তিনি।
সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares