Main Menu

৫০ কেজি পঁচা-বাসি মিষ্টি-জিলাপি ধ্বংস, তিন প্রতিষ্ঠানকে জরিমানা করল ভোক্তা অধিদপ্তর

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তাঁকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চম্পকনগর বাজারে অভিযান চালানো হয়। এ সময় জয় লোকনাথ মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত এবং খাদ্যের মানের ক্ষেত্রে বিভিন্ন অসংগতি পাওয়া যায়। দোকানটির মালিক অভিযোগের সত্যতা স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা দেন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।
অন্যদিকে, বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে দুটি মুদি দোকানকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares