সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুলের পরিবারের পাশে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম
[Web-Dorado_Zoom]
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের প্রবাসী নজরুল ইসলামের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
আজ ৯ নভেম্বর (সোমবার) তিনি নিজে স্বশরীরে নজরুল ইসলামের বাড়িতে উপস্থিত হয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার নগদ চেক পরিবারের হাতে হস্তান্তর করেন।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাঁদের সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান মা-বাবার প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের আবদুল বাছির ও রহিমা বেগমের ছেলে নজরুল ইসলাম জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেখানে একটি ঘটনায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়। সন্তানের এমন মর্মান্তিক পরিণতিতে পরিবারটি চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মুখে পড়ে। বিষয়টি জানার পর থেকেই পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি নিয়াজুল করিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং শোকাহত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। একটি পরিবার যখন এমন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। এই পরিবারটি যেন নিজেদের অসহায় মনে না করে, সে জন্যই জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁদের পরিবার ও স্বজনদের যেকোনো সংকটে সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে গত ২৫ অক্টোবর আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ নজরুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন। সেই আশ্বাসের ধারাবাহিকতায় আজ তিনি নিজে উপস্থিত হয়ে পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাঁদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















