সরাইলে ২২ উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে গৃহীত ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের হাতে হস্তান্তর করেছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় সরাইল উপজেলা ডাকবাংলোতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, জেলা পরিষদের অর্থায়নে গৃহীত প্রতিটি উন্নয়ন প্রকল্প স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, অবহেলা কিংবা কাজে গাফিলতি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি কাজের স্থায়িত্ব ও মান নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন ও তদারকি করা হবে।
জেলা পরিষদ প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম কিস্তির চেক হস্তান্তরের মধ্য দিয়ে প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
« কসবায় চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ে আহত ২ যাত্রী (Previous News)
(Next News) আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ »



















