‘শেখ হাসিনা আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব’—নবীনগরে বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
[Web-Dorado_Zoom]
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “৩১ ডিসেম্বর কেন, যখনই আসবেন তখনই আইনের মাধ্যমে রিসিভ করব। হাতকড়া দিয়ে রিসিভ করে বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী আচরণ করেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে।”
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারের ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শেখ হাসিনাসহ দেশত্যাগ করা ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। তিনি প্রতিবেশী দেশ ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অতিসত্বর শেখ হাসিনাসহ তাঁর দোসরদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক।”
বর্তমান পরিস্থিতি নিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে মানবিক নেতা হিসেবে সমাদৃত হয়েছেন। তবে দেশের বিদ্যমান অবস্থা স্বাভাবিক করতে সময় প্রয়োজন। তিনি দাবি করেন, দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল এবং গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সংকট রয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি খাতে পূর্ববর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের সময়ে কার্যকর উন্নয়ন হয়নি। বরং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিপুল অর্থ অপচয় ও বিদেশে পাচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
« বাংলাদেশের নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে, আবার ঢুকতেও পারে: শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন ফারহানা (Previous News)



















