ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট ইস্যুতে সমঝোতা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দক্ষিণ ক্যাম্পাসে
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও কলেজ কর্তপক্ষের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সমঝোতা হয়।
বৈঠকে কওমী ছাত্র ঐক্য পরিষদের আব্দুল খালেকের নেতৃত্বে ৭-৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। আলোচনায় সিদ্ধান্ত হয়, নবীনবরণ ও আলোচনা সভা কলেজের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে।
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। নবীনবরণ ও আলোচনা সভা মূল ক্যাম্পাসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
তবে বৈঠকের পর কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক পেজে ‘ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে কোনো ধরনের কনসার্ট হবে না, শুধু নবীনবরণ অনুষ্ঠান হবে’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়।
ওই পোস্টে বলা হয়, নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট স্থগিতের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। পরে সংসদ সদস্যের হস্তক্ষেপে কলেজের সাধারণ শিক্ষার্থী ও কর্তৃপক্ষ তাদের কনসার্ট স্থগিতের দাবি মেনে নিয়েছে। একই সঙ্গে নবীনবরণ, বৃক্ষরোপণসহ অন্যান্য সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম বহাল রাখার বিষয়ে তারা মতামত দিয়েছেন বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে কওমী ছাত্র ঐক্য পরিষদের আব্দুল খালেক বলেন, ‘আমরা এমপি মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি। সরকারি কলেজের মাঠে কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘অশ্লীলতা হবে না’—এই শর্তে ভেতরের মাঠে অনুষ্ঠান করার বিষয়ে আমরা একমত হয়েছি।’
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘কলেজের লোকজন ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে আমরা বসেছিলাম। একটা সমঝোতা হয়েছে।’ তিনি সাংস্কৃতিক বা গানের অনুষ্ঠান হবে বলেও জানান।
ফলে মূল ক্যাম্পাসে কনসার্ট না করে দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়টিই বৈঠকে সমঝোতার অংশ হিসেবে উঠে এসেছে।
« আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় নবযাত্রা বন্ধু পরিষদের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে শ্রী শ্রী গণেশ পূজার আয়োজন »



















