Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, মিলছে না পরিচয়

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। ঘটনার পর থেকে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ভাদুঘর এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় শনাক্ত করতে আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে নিহতের স্বজনদের খুঁজে পেতে মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া রেললাইনের ভাদুঘর রেলওয়ে ব্রিজ নম্বর-১০ সংলগ্ন ২১৩/৯ কিলোমিটার পিলারের কাছে ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পরিচয় শনাক্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের একটি দল তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করেছে। জাতীয় তথ্যভান্ডারের সঙ্গে এসব তথ্য মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের তত্ত্বাবধানে হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares