ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আলামিন সরকারকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা-পুলিশ।
গ্রেফতার আলামিন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা (সরকার বাড়ি) এলাকার আরজু মিয়া সরকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামি আলামিন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন সরকারকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
« ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার (Previous News)



















