Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার দৌরাত্ম্যের প্রতিবাদে বিক্ষোভ, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র-জনতার সমাবেশ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল এবং সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্র-জনতা’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, এ. মোনায়েম কলেজের শিক্ষক মুফিজুল ইসলাম, ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ওমর ফারুক,
কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া শহরে অনিয়ন্ত্রিত ও অবৈধ অটোরিকশার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ অটোরিকশা স্ট্যান্ড, যা যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশার তুলনায় দুই থেকে তিন গুণ বেশি অবৈধ অটোরিকশা প্রতিদিন শহরে চলাচল করছে।
তারা আরও বলেন, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার অভাব, সড়কের বেহাল অবস্থা এবং যথাযথ তদারকির ঘাটতির কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করেছে।
সমাবেশ থেকে দ্রুত লাইসেন্সবিহীন ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং শহরের ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares