Main Menu

বিজয়নগরে ‘মাদক ব্যবসায়ীর’ বাড়িতে বিক্ষুব্ধদের হামলা

[Web-Dorado_Zoom]

বিজয়নগরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় দুই গ্রামবাসীকে কুপিয়ে জখম করার অভিযোগে জহির মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জহির মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়পুর ইউনিয়নের শান্তামুড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে জহির মিয়া দীর্ঘদিন ধরে নিজের বাড়ি থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। মাদকের সহজলভ্যতার কারণে এলাকার অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছেন বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা মো. সরল খান অভিযোগ করেন, জহিরের মাদক ব্যবসার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। গত পরশু গ্রামের কয়েকজন ব্যক্তি তাঁর মাদক ব্যবসার প্রতিবাদ করলে জহির ক্ষিপ্ত হয়ে দুজনকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁদের একজনের হাতে ১৫টি সেলাই দিতে হয়েছে। জহিরের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। পরে মাদক ব্যবসা বন্ধ করতে না পেরে শুক্রবার সকালে শতাধিক গ্রামবাসী একত্র হয়ে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।

খবর পেয়ে আউলিয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা মো. নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, তিনি নতুন যোগ দিয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জহির মিয়ার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মাদকসংক্রান্ত এবং দুটি মারামারির মামলা।

নাসির উদ্দিন আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া সমাজের জন্য অশনিসংকেত। মাদক ব্যবসায়ীর সন্ধান পেলে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। অভিযুক্ত জহির মিয়ার বিরুদ্ধে থাকা মামলাগুলো নিয়ে পুলিশ কাজ করছে এবং তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares