বাঞ্ছারামপুরে ২৬ বছরেও জমির দখল পাননি ১৭২ ভূমিহীন, বাধা দিচ্ছেন প্রভাবশালী ও বিলের ইজারাদার
[Web-Dorado_Zoom]
বাঞ্ছারামপুরে ভূমিহীন কৃষকদের পুনর্বাসনে সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া জমি ২৬ বছরেও ভোগদখলে নিতে পারেননি ১৭২ জন। প্রভাবশালী ব্যক্তিদের দখল ও বিলের ইজারাদারদের বাধায় এসব জমিতে চাষাবাদ করতে পারছেন না তাঁরা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার আবেদন করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
উপজেলার ফরদাবাদ ইউনিয়নের বাড়িয়াদহ বিল ও আশপাশের এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অনেক ভূমিহীন পরিবার মানবেতর জীবনযাপন করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরদাবাদ ইউনিয়নের বাড়িয়াদহ বিল, সাতদোনা, কাজিরচর ও রুপসদী (দক্ষিণ) মৌজায় ১৯৯৯-২০০০ অর্থবছরে ১৭২ জন ভূমিহীন কৃষককে এক একর করে খাসজমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেয় সরকার। তবে অভিযোগ রয়েছে, এসব জমির বড় একটি অংশ স্থানীয় প্রভাবশালীদের দখলে রয়েছে। কেউ কেউ পাশের জমির সীমানা অতিক্রম করে বন্দোবস্ত পাওয়া জমিতে চাষাবাদ করছেন। অন্যদিকে কিছু জমি বিলের ইজারাদারদের দখলে রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি বুঝে নেওয়ার চেষ্টা করেও তাঁরা সফল হননি। কয়েক দফায় স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও কার্যকর কোনো সমাধান পাননি। বন্দোবস্ত পাওয়া ব্যক্তিদের অনেকে মারা গেছেন। তাঁদের সন্তানরাও পৈতৃকভাবে পাওয়া এসব জমিতে চাষাবাদ করতে পারছেন না।
তাঁদের দাবি, বিলের ইজারাদার ও তাঁদের লোকজন জমিতে চাষাবাদে বাধা দেন। এমনকি জমিতে কচুরিপানা আটকে রেখে ফসল উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
এ ঘটনায় ২০১৭ সালের ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ভূমিহীন কৃষক মামুন মিয়া। মামলায় ফরদাবাদ-রুপসদী ধীবর সমবায় সমিতির সভাপতি গোপাল দাস ও সাধারণ সম্পাদক নরেষ দাসসহ নয়জনকে আসামি করা হয়। ২০১৯ সালের ৩০ জানুয়ারি বিচারক জাকী আল ফারাবী আসামিদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে ভুক্তভোগীদের অভিযোগ, এরপরও বন্দোবস্ত পাওয়া জমির দখল বুঝে পাননি তাঁরা।
দড়িকান্দি গ্রামের ভূমিহীন আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম বলেন, তাঁর বাবা বন্দোবস্ত পাওয়ার পর একাধিকবার জমিতে চাষাবাদ করতে গিয়েছিলেন। কিন্তু বাধার মুখে সেখানে টিকে থাকতে পারেননি। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি।
ফরদাবাদ গ্রামের সাহীন মিয়া বলেন, বাড়িয়াদহ বিলের পাশে সরকার ভূমিহীনদের নামে জমি বন্দোবস্ত দিয়েছে। কিন্তু অন্যরা জোর করে জমিগুলো দখলে রেখেছেন। বন্দোবস্ত পাওয়া ব্যক্তিরা কয়েকবার চাষাবাদ করতে গেলেও বাধার মুখে পড়েছেন। বিলের ইজারাদাররা এসব জমিতে মাছ চাষ করছেন।
দড়িকান্দি গ্রামের ভূমিহীন রজব আলী বলেন, প্রায় ২৬ বছর আগে তাঁরা জমি বন্দোবস্ত পেয়েছেন। বহুবার জমিতে গিয়ে ধানের চারা রোপণ করলেও ফসল ঘরে তুলতে পারেননি। এখন জমিতে যেতেও বাধা দেওয়া হচ্ছে। আদালতে মামলা করার পর বিল থেকে তাঁদের জমি আলাদা করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও জমিতে যেতে দেওয়া হয়নি।
দ
ড়িকান্দি সমবায় সমিতির সভাপতি রজব আলী বলেন, ‘আমরা প্রথমদিকে এক-দুই বছর কিছু ধান লাগাতে পেরেছি। এরপর এলাকার প্রভাবশালী ব্যক্তি ও বিলের ইজারাদারদের বাধার কারণে আর ফসল ফলাতে পারিনি। বিভিন্ন সময় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে আবেদন করেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
রুপসদী গ্রামের শিপন মিয়া বলেন, ভূমিহীন কৃষকরা বন্দোবস্ত পেলেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও বিলের ইজারাদারদের বাধায় ফসল ফলাতে পারছেন না। উল্টো বিভিন্ন সময় তাঁদের জমি থেকে বালু তুলে বিক্রি করেছেন প্রভাবশালী ব্যক্তিরা।
তবে বিলের ইজারাদার ফরদাবাদ-রুপসদী ধীবর সমিতির সদস্য বাদল দাস বলেন, ভূমিহীন ব্যক্তিরা জমি নিয়ে বিরোধের জেরে তাঁদের সমিতির সদস্যদের বিরুদ্ধে কয়েকবার মামলা করেছেন। পরে বিলের জায়গা থেকে বাদীপক্ষের জমি পরিমাপ করে আলাদা করে দেওয়া হয়েছে। তাঁদের জমিতে বাঁধ দিয়ে মাছ চাষ করার অভিযোগ সত্য। তবে তাঁরা এখন আর জমিতে আসেন না, তাই তাঁদের সঙ্গে কোনো সমস্যাও হয় না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান বলেন, ভূমিহীন পরিবারগুলো যদি তাঁদের জমিতে ফসল ফলাতে না পারে কিংবা বাধার সম্মুখীন হয়, তাহলে তাঁর কাছে লিখিত অভিযোগ দিতে হবে। অভিযোগ পেলে বিষয়টি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। জেলা প্রশাসকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীদের দাবি, দ্রুত বন্দোবস্ত পাওয়া জমির সীমানা পুনর্নির্ধারণ, অবৈধ দখলমুক্ত করা এবং প্রকৃত বন্দোবস্ত প্রাপ্তদের কাছে জমির দখল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।
(Next News) বাঞ্ছারামপুরের যে পুকুরে ডুবে আছে একটি শহর »



















