Main Menu

প্রায় ৯হাজার কোটি টাকায় দেশব্যাপী ২৫৬টি নতুন সেতু নির্মাণের উদ্যোগ, ব্রাহ্মণবাড়িয়ায় হবে ১১টি

[Web-Dorado_Zoom]
দেশব্যাপী ২৫৬টি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নির্মাণ করা হবে ১১টি সেতু।
বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
এলজিইডির এ প্রকল্পের আওতায় উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সেতু নির্মাণের চাহিদার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে সেতু নির্মাণ প্রকল্পে সবচেয়ে বেশি ২৪টি সেতু নির্মাণ করা হবে বগুড়ায়। এরপর নরসিংদীতে ১৬টি, সিলেটে ১৪টি এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি করে সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বরিশাল, নেত্রকোনা ও চাঁদপুরে ৯টি করে সেতু নির্মাণ করা হবে। ময়মনসিংহ, কক্সবাজার ও লক্ষ্মীপুরে আটটি করে এবং জামালপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে সাতটি করে সেতু নির্মাণের কথা রয়েছে।
জানা গেছে, মূল প্রকল্পটি ২০২৩ সালে নেওয়া হয়েছিল। পরে প্রকল্পের ব্যয় ও সেতুর সংখ্যা বাড়িয়ে নতুন করে অনুমোদন নেওয়া হয়েছে।
এদিকে একই একনেক সভায় উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল-নদী খনন, নদীভাঙন রোধসহ মোট ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares