Main Menu

নাসিরনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে গেছে। এতে আসবাবপত্র, খাদ্যশস্য, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ পরিবারের প্রায় সব মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকপাড়া গ্রামের বাসিন্দা আনিস খাঁর বাড়িতে দুপুরের খাবার রান্নার প্রস্তুতির সময় রান্নাঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং দুইটি বসতঘর আগুনে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, ধান-চাল, অন্যান্য কৃষিপণ্য, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ পরিবারের দীর্ঘদিনের সঞ্চিত সম্পদ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারটির প্রধান উপার্জনকারী একজন প্রবাসী বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন চরম দুর্ভোগে পড়েছে। তারা সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares