Main Menu

নবীনগরে যুবককে গুলি করে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রিফাত আহমেদ নামে এক যুবককে গুলি করে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।
রোববার (১৪ জুন) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিফাত আহমেদ উপজেলার থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে ওই এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত মনেক ডাকাত ও তার সহযোগীরা রিফাতের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি আহত হন। পরে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যায় বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রিফাতের কোনো সন্ধান পাননি।
প্রত্যক্ষদর্শী শাহাদত হোসেন সোহাগ বলেন, “রিফাতের সঙ্গে মনেক ডাকাতের দীর্ঘদিনের বিরোধ ছিল। তার ভয়ে রিফাত বাড়িতে থাকতে পারতেন না। রোববার বাড়িতে আসার পর সোমবার রাতে তাকে গুলি করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জীবিত না মৃত, আমরা জানি না। দ্রুত তাকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এদিকে হামলার সময় এক নারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির ঘটনা সত্য। তবে কে বা কারা গুলি করেছে এবং অপহরণের অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত রিফাতকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares