ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে নদীপথ বন্ধ: নবীনগরে প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শতাব্দী প্রাচীন কুমার পল্লী হিসেবে পরিচিত ভোলাচং কুমারপাড়া। ঐতিহ্যবাহী এই কুমার পল্লীর নদীপথে যাতায়াতে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এলাকার প্রভাবশালী মহলের ড্রেজারের পাইপ ও একটি পরিত্যক্ত অস্থায়ী সেতু। ফলে নদীপথে নৌকায় করে প্রতিমা ও হাঁড়িপাতিল নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার ও সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাচং কুমারপাড়ার নদীপথ ব্যবহার করে প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ মাটির তৈরি প্রতিমা এবং মৃৎশিল্পের সামগ্রী নিতে আসেন। কিন্তু গত চার বছর আগে এখানকার মূল পাকা সেতুর নির্মাণকাজ শেষ হলেও যাতায়াতের জন্য তৈরি করা অস্থায়ী স্টিলের সেতুটি অপসারণ করা হয়নি। এলাকার একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে ব্রীজটি অপসারণ না করে সেখানে ইট-পাথরের ব্যবসাসহ ড্রেজারের একাধিক পাইপ ও ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
ভোলাচং কুমার পল্লীর মৃৎশিল্পীরা ক্ষোভ প্রকাশ করে জানান, নদীপথটি অবরুদ্ধ হয়ে থাকায় এখন প্রায় আধা কিলোমিটার উঁচু-নিচু পথ পাড়ি দিয়ে মাথায় করে প্রতিমা ও মাটির জিনিসপত্র নৌকায় তুলতে হচ্ছে। এতে যেমন ভাঙচুরের ঝুঁকি বাড়ছে, তেমনি অতিরিক্ত লেবার খরচ গুনতে হচ্ছে। প্রভাবশালীদের ভয়ে এলাকার সাধারণ মানুষ এ বিষয়ে মুখ খুলতে বা লিখিত অভিযোগ করতে সাহস পান না।
এই বিষয়ে জানতে চাইলে নবীনগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, “নদীপথ বন্ধ করে রাখার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে নদীপথ বন্ধ করে ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা দ্রুত এই বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।”
ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে এবং নৌপথটি সচল করতে অনতিবিলম্বে অবৈধ ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত অস্থায়ী সেতুটি অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মৃৎশিল্পী ও স্থানীয় বাসিন্দারা।
« পূর্ব বিরোধে গভীর রাতে আশুগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫ (Previous News)
(Next News) বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে আসামিসহ আহত ৫ »



















