ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
[Web-Dorado_Zoom]
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা সিপিবির সভাপতি সাজিদুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি ও সাংস্কৃতিক ঐক্যের সদস্যসচিব জহিরুল ইসলাম স্বপন, জেলা মহিলা পরিষদের সভাপতি সাথী চৌধুরী, জেলা উদীচীর সদস্য ফারুক আহমেদ, জেলা সিপিবির যুগ্ম সম্পাদক আসমা খানম, সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ হোসেন ও জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ওমর ফারুকসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘একাত্তরের প্রেতাত্মারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারই বহিঃপ্রকাশ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি। অত্যন্ত পরিকল্পিতভাবে একাত্তরের পরাজিত শক্তি এসব কাজ করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ ও বিভ্রান্ত করতেই এ ধরনের পাঁয়তারা চলছে।’
বক্তারা ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখার ঘটনাকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার পরিপন্থী উল্লেখ করে এর প্রতিবাদ জানান।



















