Main Menu

‘কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়?’—ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের বক্তব্যে সমালোচনার ঝড়

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাঁর দেওয়া একটি বক্তব্য ঘিরে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
গত রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এতে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের টিকিট কালোবাজারি প্রসঙ্গে আলোচনা হলে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ‘আমরা যারা দূর থেকে আসা-যাওয়া করি, কালোবাজারি ধরে ফেললে টিকিট পাব কোথায়?’
তাঁর এমন বক্তব্যের পর সভার সঞ্চালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ আবেগতাড়িত হয়ে এ ধরনের কথা না বলার অনুরোধ জানান।
বিষয়টি প্রকাশ্যে আসার পর গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা চলছে।
রেলওয়ে নিয়ে কাজ করা সংগঠন ‘দ্য ট্রেইন’-এর অ্যাডমিন সোহেল রানা ভূইয়া বলেন, রেলওয়ে আইন অনুযায়ী টিকিট হস্তান্তর বেআইনি এবং টিকিট কালোবাজারি দণ্ডনীয় অপরাধ। বিষয়টি জানা থাকার পরও জেলার একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা কীভাবে কালোবাজারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ার পক্ষে কথা বলেন, তা বোধগম্য নয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে কাজ করা সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, স্টেশনে টিকিট কালোবাজারি মারাত্মক আকার ধারণ করেছে।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা কমিটির সভায় একজন সরকারি কর্মকর্তার এ ধরনের বক্তব্য তাঁদের শঙ্কিত করেছে। তাঁরা এ বক্তব্যের প্রতিবাদ জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares