Main Menu

কসবায় মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, বক্তব্য দিতে অপারগ ওসি

[Web-Dorado_Zoom]
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কুটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত আল রাফি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী কুটি চৌমুহনী এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পরে বিক্ষোভের ওই ভিডিও আল রাফি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে সড়কের দুই পাশে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। যাত্রী ও পরিবহনচালকেরা দুর্ভোগের শিকার হন।
এ বিষয়ে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, ‘এটি বক্তব্য দেওয়ার বিষয় নয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares