Main Menu

কসবায় বেহাল উপ-স্বাস্থ্য কেন্দ্র, ভোগান্তিতে রোগীরা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবন জরাজীর্ণ। চারপাশে ঝোপঝাড় ও আগাছা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং রোগীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা মানুষ। অথচ প্রতিদিন এ কেন্দ্রে চিকিৎসাসেবা নিতে আসেন শতাধিক রোগী।
সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কেন্দ্রটির চারপাশে ঝোপঝাড় ও আগাছা গজিয়ে উঠেছে। ভবনের বাহ্যিক অবস্থাও জরাজীর্ণ। কেন্দ্রটির নামফলক চোখে পড়েনি। সব মিলিয়ে সরকারি এই স্বাস্থ্য কেন্দ্রের পরিবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ১০০ থেকে ১২৫ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীর চাপ থাকলেও অপেক্ষা করার জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নেই। এতে বিশেষ করে বয়স্ক ও অসুস্থ রোগীদের ভোগান্তিতে পড়তে হয়।
এদিকে, কেন্দ্রটিতে পদায়ন থাকা এমএলএসএস আমেনা বেগম দীর্ঘদিন ধরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, তাঁর পদায়ন বায়েক উপ-স্বাস্থ্য কেন্দ্রে থাকলেও তিনি সেখানে দায়িত্ব পালন করছেন না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর মতে, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবার পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি। কিন্তু বায়েক উপ-স্বাস্থ্য কেন্দ্রের বর্তমান পরিবেশ রোগীদের জন্য অস্বস্তিকর। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, ভবন সংস্কার এবং রোগীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
স্থানীয়রা স্বাস্থ্য কেন্দ্রটির অবকাঠামোগত উন্নয়ন, দৃশ্যমান স্থানে নামফলক স্থাপন এবং জনবলের দায়িত্ব পালনের বিষয়টি তদারকির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares