Main Menu

কসবায় দুই সিএনজির সংঘর্ষে বাবার মৃত্যু, বেঁচে গেল প্রতিবন্ধী ছেলে

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নান্নু মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাহমিনা (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। দুর্ঘটনার সময় নান্নু মিয়ার সঙ্গে তাঁর ৯ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেও ছিল। তবে সে অক্ষত রয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বায়েক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নান্নু মিয়া কসবা উপজেলার ৫ নম্বর বিনাউটি ইউনিয়নের গাববাড়ী গ্রামের মৃত মালু মিয়ার ছেলে। তিনি এলাকায় কাঁচামাল বিক্রি করতেন।
নিহতের শ্যালকের ছেলে শাকিল জানান, নান্নু মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বায়েক এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নান্নু মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা ৯ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে আরিয়ান সুস্থ রয়েছে। শাকিল আরও জানান, নান্নু মিয়ার পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে। একমাত্র ছেলেটিও প্রতিবন্ধী।
এ ঘটনায় আহত তাহমিনা কসবা উপজেলার মঈনপুর গ্রামের আবু কালামের স্ত্রী। তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কসবা থানার এএসআই মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares