Main Menu

আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না : রুমিন ফারহানা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে। আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা ও আওয়ামী লীগকে আলোচনায় রাখার বিষয়ে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করলে তা যেকোনো কিছু হতে পারে, তবে জাতীয় সংলাপ হতে পারে না।
তিনি বলেন, ‘দেশে ৪০ শতাংশ লোক আওয়ামী লীগ করে। জরিপ বলছে, শেখ হাসিনা যখন পালিয়ে যান, তখনো ২৫ শতাংশ ছিল। এখন এই ৪০ শতাংশ লোককে আলোচনার টেবিলের বাইরে রেখে সংলাপ করলে সেটা জাতীয় সংলাপ হতে পারে না।’
আওয়ামী লীগকে আলোচনায় আনার ক্ষেত্রে তাদের অপরাধ স্বীকার ও অনুশোচনার বিষয়টিও তুলে ধরেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘আপনি তাদের টেবিলে আনেন। ন্যায়বিচার নিশ্চিত করেন।’
আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘তারা প্রকাশ করবে কি না, আমি জানি না। আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’
তিনি আরও বলেন, ‘আপনি তাদের টেবিলে এনে বলেন, তুমি যা করেছ, তার জন্য কি লজ্জিত? তুমি যা করেছ, তার জন্য কি অনুতপ্ত?’
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘এখন আমাদের ওয়েট অ্যান্ড সি ছাড়া কোনো অপশন নাই। আমরা যারা পলিটিশিয়ান, আমি প্যাশনেটলি রাজনীতিটা করি। কিন্তু সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন এবং ঘোলা। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে বলে আমার বিশ্বাস।’
রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে নিজের পড়াশোনার প্রসঙ্গ টেনে রুমিন বলেন, ধর্মীয় বিভাজনের মতো রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে।
তিনি বলেন, ‘বিভাজনটা এখন ধর্মের ভিত্তিতে না হলেও আরও বহু কারণে, বহু রাজনৈতিক মত ও পথের কারণে আমি ওই হিংস্রতাটা দেখি। রাজনীতিবিদরা একজন আরেকজনের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, তাকায়ও না পর্যন্ত। এটা কোনো ভালো দিকে আপনাকে নেবে না।’





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares