Main Menu

আবারও চালু হল ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস

[Web-Dorado_Zoom]

প্রায় বছর দেড়েক বন্ধ থাকার পরে, ফের চালু হল আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলক রয়েল মৈত্রীর একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রবেশ করে।

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণে এ বাস সার্ভিস বন্ধ থাকে। দেড় বছরের বেশি সময় পর মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের পরীক্ষামূলক বাস যাত্রা শুরু করে।

আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে বাসযাত্রীদের স্বাগত জানান রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। ওই সময়ে উপস্থিত ছিলেন ত্রিপুরা সড়ক পরিবহণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ম্যানেজার রাজেশ কুমার।

আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থা সূত্রে জানা গেছে, আপাতত দুই-তিন দিন এই পরীক্ষামূলক যাত্রা অব্যাহত থাকবে। পরবর্তীতে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ও স্থিতিশীল হলে সপ্তাহে তিন দিন এই বাস সার্ভিস চালানোর পরিকল্পনা রয়েছে।

ত্রিপুরা সড়ক পরিবহণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় বলেন, প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার আগরতলা থেকে মৈত্রী বাস কলকাতার উদ্দেশে যাবে। তেমনি, সোম, বুধ এবং শনিবার কলকাতা থেকে ওই বাস আগরতলার উদ্দেশে রওনা দেবে। এই বাস পরিষেবা শুরু হলে শুধু মাত্র অর্থনৈতিক না, দুই দেশের আত্মীয়স্বজনদের মধ্যে যোগাযোগ পুনরায় শুরু হবে। কারণ এই রাজ্যের একাংশ বাসিন্দাদের আত্মীয়স্বজনরা এখনও ওই দেশে রয়েছেন। পুনরায় বাস পরিষেবা শুরু হলে উভয় দেশের মানুষের মধ্যে মেলবন্ধন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সমর রায়।

উল্লেখ্য, এর আগেও কলকাতা-আগরতলা বাস পরিষেবা চালু থাকলেও ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে সাময়িকভাবে তা বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সেখানে রাজনৈতিক অস্থিরতা অনেকটাই কমেছে, যার ফলে এই পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares