Main Menu

আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি ও প্রণামির টাকা লুট

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের পেছনের দিকের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণ ও রুপার অলংকার, ছয়টি মূর্তি এবং ভক্তদের প্রণামির টাকা নিয়ে গেছে চোরেরা।
সোমবার (১২ অক্টোবর) সকালে মন্দিরের পূজারি এসে চুরির বিষয়টি দেখতে পান। খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এর আগে পূজা উদযাপন পরিষদ ও আখড়া পরিচালনা কমিটির সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার পর থেকে সোমবার সকাল পর্যন্ত কোনো একসময় চুরির ঘটনা ঘটে। চোরেরা মন্দিরের পেছনের দিকের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে স্বর্ণ ও রুপার অলংকার, পিতলসহ বিভিন্ন ধাতুর তৈরি ছয়টি মূর্তি এবং ভক্তদের প্রণামির বাক্সের টাকা নিয়ে যায়। ওই বাক্সে প্রায় ছয় মাসের প্রণামির টাকা জমা ছিল বলে মন্দির পরিচালনা কমিটি জানিয়েছে।
মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী জানান, সোমবার সকালে পূজা দিতে এসে চুরির বিষয়টি দেখতে পান তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। রাত ৯টার পর থেকে সকালের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সকালে চুরির খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। মন্দিরের পেছনের দিকের গ্রিল ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। ওই পাশে মেরামতকাজ চলায় সিসিটিভি ক্যামেরা খোলা ছিল।
চুরির ঘটনায় মন্দির-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকারের আর্থিক মূল্য এবং প্রণামির বাক্সে থাকা টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares