আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর; আহত ১০
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উপজেলা বিএনপির কার্যালয় এবং স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের সড়ক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাঁরা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।
শুক্রবার বিকেলে নবগঠিত কমিটির নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়ক বাজার এলাকায় পৌঁছালে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে সেখানে আসেন। তাঁরা স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।
এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় কয়েকটি দোকানপাট এবং উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। কার্যালয়টি স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
« রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, মেঘনা পাড়ে বালু লুটে আতঙ্ক (Previous News)



















