Main Menu

আখাউড়ায় কল্লা শহীদের মাজারে জুমার নামাজে মুসল্লিদের ঢল

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী খড়মপুর হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্য শাহপীর কল্লা শহীদ (রহ.)-এর বার্ষিক ওরশ উপলক্ষে জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১০টা থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-আশেকানরা মাজার এলাকায় জড়ো হতে শুরু করেন।

মাজার জামে মসজিদের দুই তলা ভবন মুসল্লিতে পূর্ণ হয়ে যাওয়ায় মাজার শরীফের উঠানেও নামাজের ব্যবস্থা করা হয়। সেখানেও স্থান সংকুলান না হওয়ায় মাজারের দোতলা মার্কেট কাম রেস্ট হাউজের ছাদ, ভিআইপি কক্ষ, ফকিরি আসনসহ আশপাশের বিভিন্ন স্থানে মুসল্লিরা নামাজ আদায় করেন। প্রায় ২০ হাজার মানুষ জুমার নামাজে অংশ নিয়েছেন বলে আয়োজকদের ধারণা।

সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের কয়েক ঘণ্টা আগেই মাজার জামে মসজিদ ও আশপাশের এলাকায় মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। পরে মসজিদ ও মাজার চত্বরসহ আশপাশের বিভিন্ন স্থানে মুসল্লিরা সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করেন।

জুমার নামাজে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওরশে আসা ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. লুৎফর রহমান খান খাদেম ইমামতি করেন। নামাজ শেষে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

মাজার শরীফ পরিচালনা কমিটির সদস্য মো. রুস্তম কামরান খাদেম বলেন, ওরশ উপলক্ষে হাজার হাজার ভক্ত-আশেকান মাজারে এসেছেন। জুমার নামাজে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মসজিদ, মাজার চত্বরসহ আশপাশের যেখানে জায়গা পাওয়া গেছে, সেখানেই মুসল্লিরা নামাজ আদায় করেছেন। প্রায় ২০ হাজার মানুষ নামাজে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মাজার সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট থেকে এবারের ওরশ শুরু হয়েছে, চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ওরশ উপলক্ষে খড়মপুর মাজার ও আশপাশের এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ভক্ত-আশেকানদের আগমন ঘটছে। এতে পুরো এলাকায় উৎসবমুখর ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মাজারে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares