Main Menu

আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের ‘অদ্ভুত’ আবদার, টিকিট কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়!

[Web-Dorado_Zoom]
রেলস্টেশনে টিকিট কালোবাজারি বন্ধে অভিযান চালিয়ে কালোবাজারিদের ধরলে দূর থেকে আসা-যাওয়া করা যাত্রীরা টিকিট পাবেন কোথায়—এমন প্রশ্ন তুলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। কালোবাজারিদের ধরার বিষয়ে তাঁর এমন বক্তব্য সভায় উপস্থিত অন্যদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে।
রোববার (৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মিছিল, সম্ভাব্য নাশকতা, উপজেলা গঠন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
সভায় রেলস্টেশনে টিকিট কালোবাজারির বিষয়টি আলোচনায় এলে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ‘আমরা যারা দূর থেকে আসা-যাওয়া করি, কালোবাজারি ধরে ফেললে টিকিট পাবো কোথায়।’
তাঁর এ বক্তব্যের পর সভার সঞ্চালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ আবেগের বশবর্তী হয়ে এ ধরনের কথা না বলার অনুরোধ জানান।
সভায় জেলা জামায়াতের আমীর মোবারক হোসাইন আকন্দ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মিছিলের মাধ্যমে তারা হয়তো দলকে সংগঠিত করার চেষ্টা করছে। এখন মিছিল করার সুযোগ পাচ্ছে, একপর্যায়ে জ্বালাও-পোড়াও, মহাসড়কে গাড়িতে আগুন দেওয়া কিংবা চোরাগোপ্তা হামলার চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। প্রস্তাবিত বরিশল উপজেলা গঠন নিয়েও পাল্টাপাল্টি মিছিল-মিটিং হচ্ছে। এসব কর্মসূচির কারণেও পরিস্থিতির অবনতি হতে পারে। সম্প্রতি ট্রেন অবরোধের ঘটনাও ঘটেছে। তাই এসব বিষয়ে আগাম প্রস্তুতি রাখা জরুরি।
জবাবে পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেন, ‘ওরা যেটা করছে, ভয়ের কিছু নেই। টর্চলাইট নিয়ে ভোরবেলা, সন্ধ্যাবেলা করছে। তার মানে ওদের শক্তি কতটুকু, তা বুঝতে পারছি।’
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ এসব ইস্যুতে যদি পুলিশের শক্তি ও সময় ব্যয় করতে না হয়, তাহলে অন্যান্য জরুরি কাজে আরও বেশি সময় দেওয়া সম্ভব হবে। এ প্রসঙ্গে তিনি কসবায় বিপ্লব ও সংহতি দিবসের সংঘর্ষ এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আন্দোলন কর্মসূচিতে অতিরিক্ত ৭০ জন পুলিশ সদস্য মোতায়েন করতে হয়েছে বলে উল্লেখ করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী হাসপাতালে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে নারী পুলিশ সদস্য মোতায়েনের অনুরোধ জানান।
জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares