Main Menu

অস্ত্রধারী যুবককে শনাক্ত করতে পারেনি পুলিশ, দায় নিতে চায় না বিএনপির কোনো পক্ষ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করা যুবককে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করলেও অস্ত্রধারী যুবককে নিজেদের পক্ষের বলে স্বীকার করছে না কোনো পক্ষ। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কসবা উপজেলা সদরের বিজনা সেতু এলাকায় পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।
সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, হলুদ শার্ট ও কালো হেলমেট পরা এক যুবকের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। এ সময় তাঁকে প্রতিপক্ষের লোকজনকে ধাওয়া করতে দেখা যায়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজনের হাতে লাঠিসোঁটা, ধারালো অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্রও দেখা গেছে।
স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির রাজনীতি মূলত দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা। এ পক্ষের সঙ্গে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, কসবা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলীসহ অনেকে।
অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। তাঁর সঙ্গে রয়েছেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ফখরুদ্দিন আহমেদ খান ও সাধারণ সম্পাদক শরিফুল হকসহ তাঁদের অনুসারীরা। গত জাতীয় সংসদ নির্বাচনে কবির আহমেদ ভূঁইয়া প্রথমে দলীয় মনোনয়ন পেলেও পরে মুশফিকুর রহমানকে চূড়ান্ত প্রার্থী করে বিএনপি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকেলে কবির আহমেদ ভূঁইয়ার অনুসারীরা শোভাযাত্রার আয়োজন করেন। অন্যদিকে গত বুধবারের একটি ঘটনার প্রতিবাদে সমাবেশের ডাক দেন সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা। একপর্যায়ে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে কদমতলী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
**পরস্পরকে দোষারোপ**
সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন দাবি করেন, আগ্নেয়াস্ত্র হাতে থাকা যুবক কবির আহমেদ ভূঁইয়ার অনুসারী। তাঁদের দাবি, ওই যুবকের নাম লালন রাব্বি। তিনি কসবা উপজেলার কুটি গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সিরাজুল হক ইমুর ছোট ভাই। এ ছাড়া সংঘর্ষে কাইয়ুমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাদশা জুয়েলের ছোট ভাই মো. ফাহাদও অস্ত্র প্রদর্শন করেছেন বলে অভিযোগ করেন তাঁরা।
অন্যদিকে কবির আহমেদ ভূঁইয়ার অনুসারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক অভিযোগ করেন, সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা তাঁদের কর্মসূচিতে হামলা চালিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রোববার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের কথা থাকলেও তাঁরা এক দিন এগিয়ে শনিবার কর্মসূচি আয়োজন করেন। এ সময় সংসদ সদস্যের অনুসারীরা তাঁদের ওপর হামলা চালান বলে তিনি দাবি করেন।
শরিফুল হক আরও অভিযোগ করেন, তাঁদের দলীয় কর্মসূচিতে প্রায়ই বাধা দেওয়া হয়। সংঘর্ষের সময় বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
**তদন্ত কমিটি গঠন**
শনিবারের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। রোববার জেলা বিএনপির দপ্তর সম্পাদকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ বা মামলা করেনি বলে জানিয়েছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ। রোববার দুপুরে তিনি জানান, সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলমেট ও হলুদ শার্ট পরা এক যুবকের হাতে আগ্নেয়াস্ত্র থাকার বিষয়টি জানতে চাইলে ওসি বলেন, ভিডিওটি তিনি পাননি। তবে বিষয়টি শুনেছেন এবং ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছেন।
অন্যদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববারও কসবায় পৃথক কর্মসূচি পালন করেছে বিএনপির দুই পক্ষ। বিকেলে টিঅ্যান্ডটি এলাকায় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করেন সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা। অন্যদিকে কবির আহমেদ ভূঁইয়ার অনুসারীরা উপজেলার বিনাউটি ও তিন লাখ পীর এলাকায় আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares