Main Menu

অসচ্ছল ও দুস্থদের পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ

[Web-Dorado_Zoom]

দুস্থ ও হতদরিদ্র মানুষের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফেরানোর প্রত্যয়ে পাশে দাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। অনুদান প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পৌর এলাকার পুনিয়াউটস্থ সংসদ সদস্যের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক অসচ্ছল মানুষের হাতে বিশেষ আর্থিক অনুদানের এ অর্থ তুলে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক সংকট লাঘব করা আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। জেলা পরিষদের এই উদ্যোগ মানুষের প্রয়োজনের সময়ে সহায়ক ভূমিকা পালন করবে। সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সরকারি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, একটি মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ও সামাজিক দায়বদ্ধতা থেকেই জেলা পরিষদ সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এই আর্থিক অনুদান অসচ্ছল মানুষের দুর্দশা লাঘবে কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মমিনুল হক, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সদর উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী তারিকুল ইসলাম খান রুমা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা এবং জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares