Main Menu

৯ দিন পর হাইকোর্টের আদেশে খুলল ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম মার্কেটের ৩৭ দোকান

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মার্কেটের ৩৭টি দোকান হাইকোর্টের স্থগিতাদেশের পর পুনরায় খুলে দেওয়া হয়েছে। টানা নয় দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে দোকানগুলোর তালা খুলে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন ব্যবসায়ীরা।
জানা যায়, গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে মার্কেটের ৩৭টি দোকান বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ ছিল, দোকান বন্ধের আগে তাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। এ ঘটনার প্রতিবাদে তারা মার্কেটের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
পরে দোকান মালিকরা হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে গত ২৯ সেপ্টেম্বর আদালত ২৪ আগস্ট জারি করা মাসিক ভাড়া এক হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা নির্ধারণের আদেশ, ১৪ সেপ্টেম্বরের অতিরিক্ত ২ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধের নির্দেশনা এবং ১৮ সেপ্টেম্বর দোকানের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন।
একই সঙ্গে আদালত সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেন।
আদালতের আদেশ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীরা দোকানগুলোর তালা খুলে দেন। এর ফলে নয় দিন পর আবারও স্টেডিয়াম মার্কেটে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “আদালতের আদেশের কপি আমরা পেয়েছি। বিষয়টি পর্যালোচনা করে আপিলসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares