১৫২ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয়, তিনজনকে জরিমানা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া, ৭ সেপ্টেম্বর ২০২৬ : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় প্রায় ১৫২ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয় এবং অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে তিনজনকে জরিমানা করা হয়েছে।
সোমবার সদর উপজেলার এলহামপাড়া ও ভাদুঘর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিজিডিসিএলের কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ।
অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় এলাকায় ২৬টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়। পাশাপাশি নয়টি গ্যাস রেগুলেটর উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে প্রায় ১৫২ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক অপসারণ ও নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
« সাত বছর ধরে বন্ধ থাকায় আগাছা-ঝোপঝাড়ে ঢেকে গেছে অবকাঠামো, পুনরায় চালুর দাবি স্থানীয়দের (Previous News)
(Next News) স্ত্রীর সঙ্গে অভিমানে ঘরছাড়া জামরুল ফিরলেন স্বজনদের কাছে »



















